Saturday, June 20, 2026

ছয় দিনের অপেক্ষার পর বিশ্বকাপের রেকর্ড ফের ব্রাজিল-এর ঘরে

ছয় দিনের অপেক্ষার পর বিশ্বকাপের রেকর্ড ফের ব্রাজিল-এর ঘরে

 


এবারের FIFA World Cup 2026 যেন গোল উৎসবের এক মহামঞ্চে পরিণত হয়েছে। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড, বদলে যাচ্ছে পুরনো ইতিহাস। আর সেই রেকর্ডের লড়াইয়ে এবার আবারও শীর্ষে উঠে এসেছে Brazil। মাত্র ছয় দিনের ব্যবধানে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ফের নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৪ জুন Germany বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়ে। Curacao-এর বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচে একাই ৭ গোল করে জার্মানরা টপকে যায় ব্রাজিলকে। এর আগে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ব্রাজিলের দখলে, তাদের মোট গোল সংখ্যা ছিল ২৩৮। কুরাসাওয়ের বিপক্ষে সাত গোলের মহোৎসবের পর জার্মানির মোট গোল দাঁড়ায় ২৩৯-এ। ফলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষে উঠে যায় জার্মানি।

তবে সেই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি।

মাত্র ছয় দিন পর, ২০ জুন সকালে (বাংলাদেশ সময়) মাঠে নামে ব্রাজিল। প্রতিপক্ষ ছিল Haiti। ম্যাচটি শুরু থেকেই ছিল একপেশে। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ব্রাজিল প্রথম বাঁশি থেকেই হাইতির রক্ষণভাগে একের পর এক চাপ তৈরি করতে থাকে।

ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল, ব্রাজিল শুধু জয় নিয়েই ভাবছে না—রেকর্ড পুনর্দখলের মিশনেও নেমেছে। খুব দ্রুতই তারা গোলের দেখা পেয়ে যায়। এরপর একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে হাইতির ডিফেন্স।

প্রথমার্ধেই তিন গোল করে ব্রাজিল শুধু ম্যাচের নিয়ন্ত্রণ নেয়নি, ইতিহাসও নতুন করে লিখেছে। এই তিন গোলের মাধ্যমে জার্মানিকে টপকে আবারও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের আসন পুনরুদ্ধার করেছে সেলেসাওরা।

হাইতির বিপক্ষে তিন গোল যোগ হওয়ায় ব্রাজিলের মোট বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ। অর্থাৎ মাত্র ছয় দিনের ব্যবধানে আবারও বদলে গেল বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডধারীর নাম।

ফুটবল বিশ্বে Brazil মানেই আক্রমণাত্মক, নান্দনিক ও সৃজনশীল ফুটবলের প্রতীক। দশকের পর দশক ধরে তারা বিশ্বকাপ মঞ্চে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। Germany বরাবরই ছিল তাদের বড় প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বিতা এবার ছড়িয়ে পড়েছে গোলের রেকর্ড বইয়েও।

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও জার্মানির এই রেকর্ড লড়াই ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এক দল রেকর্ড গড়ছে, অন্য দল কয়েক দিনের ব্যবধানে সেটি ভেঙে আবার শীর্ষে উঠছে।

টুর্নামেন্ট এখনও অনেক বাকি। তাই এই রেকর্ড লড়াইয়ে সামনে আরও চমক অপেক্ষা করছে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, বিশ্বকাপ শেষ হওয়ার আগেই রেকর্ড বইয়ে আরও কতবার পরিবর্তন আসে।

সর্বোচ্চ গোলে কে কোথায়?

১. Brazil — ২৪১
২. Germany — ২৩৯
৩. Argentina — ১৫৫
৪. France — ১৩৯
৫. Italy — ১২৮
৬. Spain — ১০৮
৭. England — ১০৮


বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড এখন প্যারাগুয়ের, পেছনে মরক্কো

বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড এখন প্যারাগুয়ের, পেছনে মরক্কো

 



বিশ্বকাপের এবারের আসরে দ্রুততম গোলের রেকর্ড যেন ঘণ্টায় ঘণ্টায় হাতবদল হচ্ছে। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বদলে এবার নতুন ইতিহাস গড়েছে Paraguay। তুরস্কের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে দেন Matías Galarza। তার এই গোলেই বিশ্বকাপ ২০২৬-এর বর্তমান আসরের দ্রুততম গোলের রেকর্ড এখন প্যারাগুয়ের দখলে।

দিনের শুরুতেই এই রেকর্ড গড়েছিল Morocco। ‘সি’ গ্রুপের ম্যাচে Scotland-এর বিপক্ষে মাত্র ৭০ সেকেন্ডে গোল করেছিলেন Ismael Saibari। সেই গোলটিই তখন পর্যন্ত এবারের বিশ্বকাপের দ্রুততম গোল হিসেবে বিবেচিত হচ্ছিল। কিন্তু ফুটবলের নাটকীয়তা এখানেই—মাত্র ৫ ঘণ্টার মাথায় সেই রেকর্ড ভেঙে দিল প্যারাগুয়ে।

তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুই দলই ছিল চাপে। ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার লড়াই। পরের রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প ছিল না Turkey-এর সামনে। ম্যাচের শুরুতে বলের দখল ছিল তুরস্কের পায়েই। তবে সেই নিয়ন্ত্রণ খুব বেশি সময় স্থায়ী হয়নি।

ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডে ঘটে যায় বড় ভুল। তুরস্কের ডিফেন্সে সমন্বয়হীনতার সুযোগ নেয় প্যারাগুয়ে। ডিফেন্ডারের একটি ভুল পাস থেকে বল পেয়ে যান ম্যাথিয়াস গালারজা। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের শক্তিশালী শটে তিনি বল জড়িয়ে দেন জালে। তুরস্কের গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে পড়েও বল থামাতে পারেননি।

ঘটনাটা এত দ্রুত ঘটে যে তুরস্কের খেলোয়াড়রা যেন কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ১-০ হয়ে যায়। লাতিন আমেরিকার দলটি শুরুতেই এগিয়ে গিয়ে ম্যাচে মানসিক সুবিধা পেয়ে যায়। অন্যদিকে, হঠাৎ পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় তুরস্ক।

গালারজার এই গোল শুধু ম্যাচের গতিপথই বদলায়নি, বদলে দিয়েছে এবারের বিশ্বকাপের রেকর্ড বইও। মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে তিনি নিজের নাম লিখিয়েছেন টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় মুহূর্তে। বিশ্বকাপের মঞ্চে এমন দ্রুত গোল সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি প্রতিপক্ষের কৌশল ও আত্মবিশ্বাসে তাৎক্ষণিক প্রভাব ফেলে।



তবে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড এখনও অনেক দূরের। সেই রেকর্ডের মালিক Hakan Şükür। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। আজও সেটিই বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল হিসেবে অটুট আছে।

তবুও এবারের বিশ্বকাপে প্যারাগুয়ের এই রেকর্ড বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুইবার দ্রুততম গোলের রেকর্ড বদলেছে। প্রথমে মরক্কো, এরপর প্যারাগুয়ে—একই দিনে দুই দলের নাম উঠল রেকর্ডের পাতায়।

এখন দেখার বিষয়, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই রেকর্ড আবার বদলায় কিনা। ফুটবলের সৌন্দর্য এখানেই—এক মুহূর্তেই বদলে যেতে পারে সবকিছু। আর সেই অনিশ্চয়তাই বিশ্বকাপকে করে তোলে আরও রোমাঞ্চকর।

দ্বিতীয়ার্ধে আর গোল হলো না, ৩-০ ব্যবধানেই জিতলো ব্রাজিল

দ্বিতীয়ার্ধে আর গোল হলো না, ৩-০ ব্যবধানেই জিতলো ব্রাজিল

 



প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে গোলের পর গোলের সুযোগ নষ্ট করেও আর ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। যার ফলে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ চেড়েছে ব্রাজিলিয়ানরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে হাইতির বিপক্ষে ব্যবধান যাই হোক, গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ব্রাজিল। 
কার্লো আনচেলত্তির দল শুরুতে কিছুটা ধৈর্য ধরে খেললেও একবার গোলের দেখা পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সেলেসাওদের। ম্যাচের নায়ক ছিলেন ম্যাথিউস কুনহা, যিনি জোড়া গোল করেন। অপর গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের সামনে। তবে ম্যাচের শুরুতে হাইতি চমৎকার সংগঠিত রক্ষণ নিয়ে ব্রাজিলকে আটকে রাখে। প্রথম ২০ মিনিটে বলের দখল কম থাকলেও নিজেদের ডিফেন্সিভ কাঠামো ঠিক রেখে ব্রাজিলের আক্রমণ সামাল দেয় ক্যারিবিয়ান দলটি। ১২ মিনিটে ব্রাজিল প্রথমবার জালের দেখা পেলেও রাফিনিয়ার গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 
ব্রুনো গিমারায়েসের অসাধারণ পাস থেকে গোল করলেও সহকারী রেফারির পতাকায় উৎসব থেমে যায়। এরপরও চাপ ধরে রাখে ব্রাজিল। ২৩ মিনিটে অবশেষে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক আলেক্সান্দ্রে প্লাসিদ ঠিকমতো সামলাতে পারেননি। ডিফেন্ডার ডেলক্রোয়ার ক্লিয়ারেন্সের চেষ্টা গিয়ে লাগে কুনহার গায়ে, সেখান থেকে বল জড়িয়ে যায় ফাঁকা জালে। ভাগ্যের সহায়তায় পাওয়া এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেলেসাওরা। ৩৬ মিনিটে আসে দ্বিতীয় গোল। মাঝমাঠে বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠেন ভিনিসিয়ুস। তার নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে দূরহ কোণ থেকেও দুর্দান্ত শটে জাল খুঁজে নেন কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের এই গোল ব্রাজিলকে এনে দেয় ২-০ ব্যবধান। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচ কার্যত নিজেদের করে নেয় ব্রাজিল। লুকাস পাকেতার অসাধারণ লং পাস ধরে ডিফেন্স চিরে এগিয়ে যান ভিনিসিয়ুস। 
গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন রিয়াল মাদ্রিদ তারকা। প্রথমার্ধে হাইতির অবস্থা ছিল বেশ হতাশাজনক। প্রতিপক্ষের বক্সে মাত্র কয়েকবার বল স্পর্শ করতে পারলেও তারা কোনো শটই নিতে পারেনি। প্রত্যাশিত গোলের হিসাবেও ছিল শূন্যের কোটায়। অন্যদিকে মাত্র পাঁচটি অন-টার্গেট শট থেকেই তিন গোল তুলে নেয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে হাইতি কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে। ৬৩ মিনিটে তাদের সবচেয়ে ভালো সুযোগটি তৈরি হয় কর্নার থেকে। আদে-র শক্তিশালী হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। ব্রাজিলও ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল। ৬৯ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ক্রসবারে লাগে, যদিও পরে অফসাইডের পতাকা ওঠে। ৭৮ মিনিটে বদলি নামা এনদ্রিক গোল করলেও সেটিও অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের শেষদিকে আনচেলত্তি কুনহা, পাকেতা ও ভিনিসিয়ুসকে তুলে নেন মাঠ থেকে। তবুও খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে ব্রাজিল। যোগ করা সময়ে এডারসন ফাঁকা জাল পেয়েও গোল করতে না পারায় ব্যবধান আর বাড়েনি। 
এই জয়ে গ্রুপ সিতে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে তারা মরক্কোকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে গেছে হাইতি। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে এটি ছিল আরেকটি স্মরণীয় ম্যাচ। তিন বা তার বেশি গোল করা বিশ্বকাপ ম্যাচের সংখ্যায় তারা নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করেছে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায়ও জার্মানিকে ছাড়িয়ে গেছে সেলেসাওরা।

Wednesday, June 17, 2026

Tuesday, June 16, 2026

৪০ বছরের ভোজিনহার সাত সেভে ইতিহাস গড়ল কেপ ভার্দ

৪০ বছরের ভোজিনহার সাত সেভে ইতিহাস গড়ল কেপ ভার্দ



 খেলা শেষ হওয়ার বাঁশি বাজতেই আটলান্টা স্টেডিয়ামের সবুজ গালিচায় তৈরি হলো দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর দৃশ্যপট। একদিকে টুর্নামেন্টের অন্যতম হট-ফেবারিট স্পেনের তারকাখচিত ফুটবলারদের হতাশা, আর অন্যদিকে আফ্রিকার ছোট্ট এক দ্বীপরাষ্ট্রের ফুটবলারদের চোখে বাঁধভাঙা আনন্দের অশ্রু।

জনসংখ্যা ও আয়তনের দিক থেকে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দ মঙ্গলবার (১৬ জুন) বিশ্বমঞ্চে যা করে দেখালো, তা হয়তো ফুটবল রূপকথাকেও হার মানায়। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৪ নম্বরে থাকা দলটি নিজেদের প্রথম বিশ্বকাপ অভিষেক ম্যাচেই গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী স্পেনকে। প্রথমার্ধের সেই অবিশ্বাস্য প্রতিরোধ দ্বিতীয়ার্ধেও ধরে রেখে, স্পেনের বিশ্ববিখ্যাত পাসিং ফুটবলকে বধ করে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় ও বিখ্যাত এক ড্রয়ের গল্প লিখলো কেপ ভার্দ।

পুরো ম্যাচে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বল পজিশন ধরে রেখে রীতিমতো ছড়ি ঘুরিয়েছে, খেলেছে রেকর্ড ৮০১টি নিখুঁত পাস। কিন্তু কেপ ভার্দের বক্সে ঢুকে ফেরান তোরেস ও দানি ওলমোদের প্রতিটি আক্রমণ আজ মুখ থুবড়ে পড়েছে আফ্রিকার এই যোদ্ধাদের বুক চিতিয়ে লড়া ডিফেন্সের সামনে। স্পেন যে চেষ্টা করেনি তা নয়, গোল পেতে লুইস দে লা ফুয়েন্তে এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে, চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া বার্সেলোনার ১৮ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামালকেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামাতে বাধ্য হন। পুরো ম্যাচে স্প্যানিশ আর্মাডারা গোলমুখে হন্যে হয়ে শট নিয়েছে ২৭টি, যার মধ্যে অন-টার্গেট ছিল ৭টি। কিন্তু কখনো কেপ ভার্দের ডিফেন্সের দেয়াল, কখনো গোলপোস্টের দুর্ভাগ্য, আর বাকিটা সময় বুড়ো হাড়ের ভেল্কি দেখানো এক গোলরক্ষক স্পেনের জয়োৎসব হতে দেননি।

এই ঐতিহাসিক ড্রয়ের মহাকাব্যিক নায়ক আর কেউ নন তিনি কেপ ভার্দের ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ভোজিনহা। ম্যাচের পর যার চোখের অশ্রুর বান বলছিল, দেশের মানুষের জন্য কতটা বড় উৎসবের লগ্নে তিনি বয়ে এনেছেন। পুরো ম্যাচে স্পেনের বিশ্বমানের ফরোয়ার্ডদের নেওয়া ৭টি নিশ্চিত ও দুর্দান্ত সেভ করে পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন এই গোলকিপার।

কম্পিউটার সিমুলেশনের ৮৭ শতাংশ জয়ের পরিসংখ্যানকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কেপ ভার্দের এই রূপকথা প্রমাণ করল ফুটবল মাঠে কেবল বড় নাম বা বড় পাসিংয়ে ম্যাচ জেতা যায় না, তার জন্য লাগে বুক চিতিয়ে লড়াই করার অদম্য সাহস। আর বিশ্বকাপের আসল মজাই তো এখানে, যেখানে ডেভিড এসে অনায়াসেই হারিয়ে দিতে পারে গোলিয়াথকে।

Monday, June 8, 2026

আদ-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় অনড় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় অনড় সরকার: স্বাস্থ্যমন্ত্রী


 

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সাম্প্রতিক প্রতিক্রিয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় সরকার অনড় থাকবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থানের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি বলেন, ‘তারা (আদ-দ্বীন মেডিকেল কলেজ) কী বলেছে না বলেছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদেরকে আইন মেনে কাজ করতে হয়। তারা সময় চেয়েছে; আদালতও অনেক সময় সময় দেয়, তাই আমরাও দুদিন সময় দিয়েছি।’ 

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, ‘আমাদের উচ্চমানের আইনজীবী রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি। তারা আমাদের কী ক্ষতিপূরণ দেবে? আমরা দেখব তারা কী অপরাধ করেছে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

যেকোনো পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সততা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থানে অনড় থাকব এবং সততা ও ন্যায়-নিষ্ঠার ভিত্তিতে কাজ করে যাব।’

হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ৮ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ৮ শিশুর

 


হামে ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮

ঢাকা: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম রোগ নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে, আর সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হাম পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫৩৬ জন।

সোমবার (৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে একজনের শরীরে হাম শনাক্ত হওয়ার পর তার মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাত শিশু।

শুধু মৃত্যুই নয়, আক্রান্তের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৩ জনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও এক হাজার ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ১০৪ জন। এসব রোগীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলমান পরিস্থিতিতে হামের উপসর্গ নিয়ে ৬৫ হাজার ২৩৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬১ হাজার ২৭৮ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু এবং অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে জটিলতা ও মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি থাকে।

তারা মনে করছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় টিকাদান কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি জরুরি। কোনো শিশুর শরীরে জ্বর, শরীরজুড়ে লালচে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখছে। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য খাতে উদ্বেগও বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Sunday, June 7, 2026

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

 


রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড


রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


রায় ঘোষণার আগে থেকেই আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা যায়। সকালেই কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে হাজির করা হয়।


মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসায় পাশবিক নির্যাতনের শিকার হয় আট বছর বয়সী রামিসা। পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর নিহত শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়।


তদন্তে উঠে আসে, ঘটনার দিন সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যায় আসামিরা। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা সন্দেহজনক পরিস্থিতিতে ওই ফ্ল্যাটে প্রবেশ করে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং স্বপ্নাকে আটক করে। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় অন্য স্থান থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।


মামলাটি ব্যাপক জনমত সৃষ্টি করায় দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়। স্বল্প সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।


বিচার চলাকালে নিহত শিশুর বাবা-মা, স্বজন, প্রতিবেশী, তদন্ত কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞসহ একাধিক সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তাদের বক্তব্যে ঘটনার ভয়াবহতা ও নির্মমতার বিভিন্ন দিক উঠে আসে।


ফরেনসিক প্রতিবেদনে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত এবং হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তদন্ত কর্মকর্তার উপস্থাপিত তথ্য, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।


রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের প্রতিক্রিয়া দেখা যায়। একই সঙ্গে নিহত রামিসার পরিবারের সদস্যরা দ্রুত বিচার নিশ্চিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


দেশজুড়ে আলোচিত এ মামলার রায়কে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখছেন আইন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভারতের কাছে বাংলাদেশের হার, রেকর্ড ষষ্ঠবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতল ভারত

ভারতের কাছে বাংলাদেশের হার, রেকর্ড ষষ্ঠবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতল ভারত

 


ভারতের কাছে বাংলাদেশের হার, রেকর্ড ষষ্ঠবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতল ভারত

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড-বর্ধিত ষষ্ঠ শিরোপা জিতেছে ভারত। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ লড়াই করলেও শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

শনিবার গোয়ার মারগাওয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের প্রথমার্ধে ভারত বল দখল এবং আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশও পাল্টা আক্রমণে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে ম্যাচের ৪২তম মিনিটে পিয়ারি জাখসার গোলে এগিয়ে যায় ভারত। ডান দিক থেকে আসা আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান তিনি।

গোল হজম করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের অন্যতম ভরসার নাম রিতু পর্ণা চাকমা দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। তার এই গোলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বাংলাদেশি সমর্থকরা এবং প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। খেলা শুরুর মাত্র ৪০ সেকেন্ডের মাথায় সানফিদা নংরুম গোল করে ভারতকে আবারও এগিয়ে দেন। দ্রুত এই গোল হজম করার পর বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। এরপর ম্যাচে ফিরে আসার জন্য একাধিক পরিবর্তন আনে বাংলাদেশ কোচিং স্টাফ।

বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও ভারতের শক্তিশালী রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় সমতা ফেরানো সম্ভব হয়নি। বরং ম্যাচের ৮২তম মিনিটে লিন্ডা কম সের্তো ভারতের হয়ে তৃতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এই জয়ের মাধ্যমে সাত বছর পর আবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করল ভারত। একই সঙ্গে এটি তাদের ইতিহাসের ষষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও সেই লক্ষ্য পূরণ করতে পারেনি।

তবে ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্ব পর্যন্ত ধারাবাহিক ভালো ফুটবল উপহার দিয়েছে দলটি। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল ভবিষ্যতের জন্যও ইতিবাচক বার্তা দিয়েছে।

ফাইনাল শেষে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ হতাশা প্রকাশ করলেও ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের নারী ফুটবলের উন্নয়নে এই সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

শিরোপা হাতছাড়া হলেও সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার-আপ হয়ে বাংলাদেশের মেয়েরা আবারও প্রমাণ করেছে যে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে তারা এখন অন্যতম শক্তিশালী দল। ভবিষ্যতের বড় আসরগুলোতে আরও ভালো ফল করার লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল।


Friday, June 5, 2026

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তামার তার চুরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তামার তার চুরি

 


বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্তে নেমে চুরি হওয়া তার উদ্ধার করার পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৫) এবং ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম (৩২)। শুক্রবার বিকেলে সিটিটিসির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


জানা গেছে, সম্প্রতি সচিবালয়ের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত রেড টেলিফোন সংযোগের তামার তার নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বিষয়টি সামনে আসার পর সরকারি বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শাহবাগ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।


মামলার পর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদেই রঞ্জন চুরির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। তার বক্তব্য অনুযায়ী, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তারগুলো সরিয়ে ফেলেন। পরে গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল এলাকার একটি ভাঙারি দোকানে এসব তার বিক্রি করেন। প্রতি কেজি তামার তারের দাম ধরা হয়েছিল ৬০০ টাকা। মোট ৮ কেজি ২০০ গ্রাম তার বিক্রি করা হয়েছিল বলে তিনি স্বীকার করেন।


রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো একটি গুদামে তল্লাশি চালিয়ে চুরি হওয়া তামার তার উদ্ধার করে পুলিশ। রাজধানীর হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে এসব তার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।


তদন্তকারীরা মনে করছেন, এটি কোনো একক ব্যক্তির কাজ নাও হতে পারে। সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার তার ও অন্যান্য মূল্যবান উপকরণ চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৮ কেজি তামার তার উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি জানান, চুরি হওয়া মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ভাঙারি ব্যবসায়ীকেও আইনের আওতায় আনা হয়েছে।


ঘটনাটি দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত শেষ হলে পুরো ঘটনার পেছনের নেটওয়ার্ক ও দায়ীদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Thursday, June 4, 2026

১৯ দিনের মাথায় রায় হচ্ছে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ–আসামিপক্ষ

১৯ দিনের মাথায় রায় হচ্ছে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ–আসামিপক্ষ

 


রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণার দিন ধার্য করা হলো। মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। যুক্তিতর্ক শেষে আদালত ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন। শিশুটিকে হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে গত ১৯ মে।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারক মাসরুর সালেকীন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসেন। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু যুক্তিতর্ক শুরু করেন। বেলা ১টা ৩৬ মিনিটে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ আদেশ দেন।

সকাল ৯টার দিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতের হাজতখানায় রাখা হয় প্রধান আসামি সোহেল রানাকে। পরে বেলা ১১টা ২৪ মিনিটে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয় বেলা ১১টা ৩৯ মিনিটে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পিটার গোমেজ জানান, আসামি স্বপ্না আক্তার অসুস্থ থাকায় তিনি হাসপাতাল থেকে এসেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি সোহেল রানাকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সোহেলের অপরাধে সহযোগিতা ও বাধা না দেওয়ার বিষয় উল্লেখ করে আসামি স্বপ্না আক্তারের আইনানুগ শাস্তির দাবি জানান। তিনি আদালতে শিশুর বাবা ও মায়ের সাক্ষ্য পড়ে শোনান। পরবর্তী সময় তিনি আদালতে ভুক্তভোগীর পক্ষে যুক্তি তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, পাশাপাশি ফ্ল্যাটেই ঘটনার শিকার ও আসামিদের বসবাস ছিল। ঘটনার দিন ওই শিশুকে আসামি তাঁর ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করেন ও নৃশংসভাবে হত্যা করেন। ১৬ জন সাক্ষী এই সাক্ষ্য দিয়েছেন। তিনি আরও বলেন, ওই ফ্লোরে আর কোনো পরিবারের বসবাস ছিল না। এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হত্যাকাণ্ডের পুরো সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার বাসার ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছিলেন। বাইরে থেকে দরজা খুলতে বললে স্বপ্না ভেতর থেকে শিশু নেই বলে জানান।

আইনজীবী আরও বলেন, ঘটনার দিন প্রত্যক্ষদর্শী আবু শামা আসামি সোহেলকে ভবনের তিনতলা থেকে জানালায় পা দিয়ে নামতে দেখেন। এতে প্রমাণিত হয়, সোহেল রানা ওই শিশুকে ধর্ষণ করে হত্যা করে জানলার গ্রিল কেটে পালিয়ে যায়। আইনজীবী সুরতহাল প্রস্তুতকারী কনস্টেবলের সাক্ষী তুলে ধরে আসামিদের দোষী সাব্যস্ত করেন।

জবানবন্দিতে আসামি সোহেল রানার দেওয়া বর্ণনা আদালতে পড়ে শোনান আইনজীবী। আসামি তাঁর জবানবন্দিতে কোথাও ডলার নামে কারও কথা উল্লেখ করেননি বলেও জানান তিনি পরবর্তী সময় বেলা ১টা ৩১ মিনিটে আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আসামির পক্ষে তিনি বলেন, আসামি তাঁর জবানবন্দিতে বলেছেন আসামি নেশা করেন। একজন নেশাগ্রস্ত ব্যক্তি কখনো সঠিক কথা বলতে পারে না। জবানবন্দির পরিপ্রেক্ষিতে তাঁকে শাস্তি দেওয়া ঠিক নয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ঘটনার সময় ও জবানবন্দি দেওয়ার সময় আসামি নেশাগ্রস্ত ছিলেন না।

গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটির বাসিন্দা আসামি সোহেল ঘটনার পর বাসার শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। বাসা থেকে তাঁর স্ত্রীকে তখনই আটক করা হয়। আর সেদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

এ মামলায় ১ জুন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় ২ জুন আদালতে সাক্ষ্য দিয়েছেন শিশুটির মা-বাবাসহ ১০ জন।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল রানা। শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা তিনি স্বীকার করেন বলে পুলিশ জানায়। পরে ১ জুন আদালতে সোহেল রানা দাবি করেন, ডলার নামের একজন শিশুটিকে ধর্ষণ করেছেন। ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, তাঁর বাড়ি মিরপুরে। তিনি অনেক টাকাওয়ালা। নিজেকে নির্দোষ দাবি করে সোহেল রানা আদালতকে বলেন, ‘আমি মারিনি। আমি ধর্ষণও করিনি। আমার স্ত্রীও নির্দোষ।’ পরদিন ২ জুন আদালতে আসামি সোহেল রানা বলেন, ‘আমার সাথে যে ছিল ডলার, তারে আপনারা ধরেন। আমি দোষ করি নাই তা না, আমিও দোষ করেছি, ডলারও দোষ করেছে...।’

তবে আসামিপক্ষে সরকার নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ বলেন, আসামিরা তাঁর কাছে ডলার সম্পর্কে কিছুই বলেনি। পুলিশ রিপোর্টে ডলারের নাম নেই বলেও তিনি জানান।

কালভার্টের নির্মাণকাজ চলার সময় পাহাড়ধস, দুই শ্রমিকের মৃত্যু

কালভার্টের নির্মাণকাজ চলার সময় পাহাড়ধস, দুই শ্রমিকের মৃত্যু

 


কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় পাহাড় থেকে ধসে পড়া মাটিতে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শ্রমিক। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। তাঁদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। একটি কালভার্টের নির্মাণকাজ চলার সময় তাঁদের ওপর মাটি ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে যাওয়ার সড়কে একটি কালভার্টের নির্মাণকাজ চলছিল। দুপুরে সেখানে নির্মাণকাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের ওপর হঠাৎ পাশের পাহাড়ের মাটি ধসে পড়ে। তাতে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালভার্টটির নির্মাণকাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি আবদুর রহিম মজুমদার বলেন, শ্রমিকেরা নিরাপত্তাবিধি মেনেই কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটিধসে দুজনের মৃত্যু হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই প্রায় এক মাস ধরে এই প্রকল্পে কাজ করে আসছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, ‘গুরুতর অবস্থায় তিন শ্রমিককে সদর হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, ‘নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Wednesday, June 3, 2026

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

 


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও আজ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। আগের দিন বড় ধরনের মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। 

জিও নিউজের প্রতিবেদন অনযায়ী, মঙ্গলবার (২ জুন) গ্রিনউইচ সময় সকাল ৪টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭৫ সেন্ট বা ০.৭৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.২৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৫ সেন্ট বা ০.৯২ শতাংশ কমে ৯১.৩১ ডলারে দাঁড়ায়।

এর আগে সোমবার দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। যদিও মে মাসজুড়ে শান্তিচুক্তির আশায় তেলের দাম ১৬ শতাংশেরও বেশি কমেছিল।


বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, সম্ভাব্য চুক্তির আশায় বাজার অনিশ্চয়তা কাটিয়ে উঠতে চাইলেও এখন পর্যন্ত এমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, যা তেলের বাজারকে স্বস্তি দিতে পারে।

এদিকে, সোমবার (১ জুন) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আলোচনা শেষ হয়ে গেলেও তার আপত্তি নেই। তবে কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।


পরে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে তিনি আশা করছেন।


কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বর্তমানে বাজারের নজর রয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বাস্তব অগ্রগতি বা নতুন কোনো জটিলতা তৈরি হচ্ছে কি না, দুই পক্ষের বক্তব্যের ধরন এবং বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থানের দিকে। পাশাপাশি ওই জলপথ দিয়ে ট্যাংকার চলাচলের বাস্তব পরিস্থিতিও গুরুত্বপূর্ণ।


তার মতে, আলোচনা কোন দিকে এগোয়, সেটিই শেষ পর্যন্ত নির্ধারণ করবে তেলের দামে বর্তমানে যুক্ত হওয়া ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য (রিস্ক প্রিমিয়াম) থাকবে নাকি কমে যাবে।


এদিকে সোমবার লেবানন আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এর আওতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত কিছুটা কমতে পারে। বিশ্লেষকদের মতে, এটি ইরানকে ঘিরে বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি ছোট পদক্ষেপ।


আইজি গ্রুপের বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, মধ্যপ্রাচ্য থেকে প্রতিনিয়ত নতুন খবর আসছে। ফলে শান্তিচুক্তির বিষয়ে স্পষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।


যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত উপসাগরীয় অঞ্চলে অ-ইরানি জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হয়েছে এবং তেলের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে।


এদিকে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে এশিয়া ও ইউরোপের শোধনাগারগুলোতে যুক্তরাষ্ট্রের তেলের চাহিদা বেড়েছে। ফলে মে মাসে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ৫৬ লাখ ব্যারেলের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।


রয়টার্সের এক প্রাথমিক জরিপে দেখা গেছে, ২৯ মে শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩৬ লাখ ব্যারেল কমেছে। একই সঙ্গে ডিজেল ও পেট্রোলের মজুতও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।


সোমবার গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত এক বৈঠকে শিপিং খাতের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো শান্তিচুক্তি হলে তাতে অবশ্যই স্পষ্ট নির্দেশনা থাকতে হবে, যাতে জাহাজগুলো নিরাপদে ও স্বাভাবিকভাবে হরমুজ প্রণালি দিয়ে চলাচল পুনরায় শুরু করতে পারে।

Sunday, May 31, 2026

বাড়ল অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম

বাড়ল অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম

 



দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।


রোববার (৩১ মে) জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ১১৫ টাকা লিটারেই থাকছে। অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Friday, May 29, 2026

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা


২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এবারের মহাযজ্ঞেও লা আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।


আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া মেসি এবার মাঠে নামলেই গড়বেন ইতিহাস। এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে রেকর্ড সর্বোচ্চ ম্যাচ (১৯৮) এবং সর্বোচ্চ গোলের (১১৬) মালিকের সামনে এবার ট্রফি ধরে রাখার মিশন।

লিওনেল স্কালোনির এই চূড়ান্ত তালিকায় বড় চমক হলো ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। আর্জেন্টিনার আক্রমণভাগে শেষ পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি এই তরুণ। স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়া। এই দুই তারকার বাদ পড়াই মূলত আর্জেন্টিনার দল ঘোষণার পর সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে।


তবে অভিজ্ঞদের বাদ দিলেও স্কালোনি দলের মূল শক্তিকে ধরে রেখেছেন। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দলে জায়গা করে নিয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং হুলিয়ানো সিমেওনের মতো উদীয়মান ফুটবলাররা। মেসির পাশাপাশি আক্রমণভাগে আরও আছেন লাউতারো মার্টিনেজ। আর গোলপোস্টের নিচে যথারীতি অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ।

এক নজরে আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।


মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।


ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।


এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে 'গ্রুপ জে'-তে। ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। আর ২৭ জুন একই স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।


টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অর্জনকারী দল পরবর্তী নকআউট পর্বে উন্নীত হওয়ার সুযোগ পাবে।

Tuesday, May 26, 2026

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

 



নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে বাগাতিপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আবাসন এলাকার বাসিন্দা ওই গৃহবধূ গত ২৪ মে সকালে বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে যান। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। পরে অভিযুক্তরা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।


পরবর্তীতে ভুক্তভোগী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনা জানান । খবর পেয়ে তার স্বামী ও স্বজনরা দ্রুত বাড়িতে পৌঁছে তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।


ভুক্তভোগীর প্রতিবেশিরা জানান, চিকিৎসা শেষে পারিবারিক আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান গণকন্ঠ পত্রিকার প্রতিনিধি রাজিবুল ইসলাম বাবু, কে জানিয়েছে, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি ২৫ মে সকালে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Saturday, May 23, 2026

রাশিয়াকে অস্ত্র বিরতি প্রস্তাব মানার আহবান জি-সেভেনের, নইলে আরও নিষেধাজ্ঞা আরোপ

রাশিয়াকে অস্ত্র বিরতি প্রস্তাব মানার আহবান জি-সেভেনের, নইলে আরও নিষেধাজ্ঞা আরোপ


জি-সেভেন গোষ্ঠীর শীর্ষ কূটনীতিকরা শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।


কানাডায় এই আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে কূটনীতিকরা বলেন, “আমরা রাশিয়াকে এতে সাড়া দিয়ে সমতার শর্তে অস্ত্র বিরতিতে সম্মত হতে এবং তা সম্পূর্নভাবে প্রয়োগ করতে আহ্বান জানিয়েছি। যদি এই অস্ত্র বিরতিতে সম্মত না হয় তা হলে রাশিয়াকে আরও মূল্য দিতে হবে যার মধ্যে রয়েছে আরও নিষেধাজ্ঞা আরোপ , তেলের মূল্যবৃদ্ধি বন্ধ করা আর ইউক্রেনকে আরও সহায়তা প্রদান এবং অন্যান্য উপায়”।


হোয়াইট হাউস বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।


শুক্রবার কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেন, “যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব যাতে ইউক্রেনেরও সমর্থন আছে সেটি সম্পর্কে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের সকলেই সম্মত। আর এখন রাশিয়ার জবাব পাওয়ার অপেক্ষায় আছি।


তিনি আরও বলেন, “ইউক্রেনের ব্যাপারে বল এখন রাশিয়ার কোর্টে”।


একই কথার প্রতিধ্বনি তুলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “এ ব্যাপারে সবাই একমত যে এখনই সময়, কোন শর্ত ছাড়াই অস্ত্র বিরতির। ইউক্রেন তার অবস্থা স্পষ্ট করেছে । এখন এটা গ্রহণ করা রাশিয়ার উপর নির্ভর করছে”।


ল্যামি আরও বলেন যে ইউক্রেনকে প্রয়োজনীয় “নিরাপত্তা অবকাঠামো” প্রদান এবং অস্ত্রবিরতির পক্ষে নজরদারি করার উপায় নিয়ে কাজ করতে সকলেরই “সম্মিলিত ইচ্ছা আছে”।


জি-সেভেনের এই যৌথ বিবৃতিটি এমন সময়ে আসলো যখন ক্রেমলিন বলছে যে ইউক্রেনের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির ব্যাপারে আরও অনেক কিছু করার রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পুরোপুরি মেনে নেয়া সম্পর্কে রাশিয়ার অনীহার ইঙ্গিত পাওয়া যায়।


ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেন অস্ত্রবিরতি প্রয়োগ করার ব্যাপারে অনেক প্রশ্নের উত্তরের জন্য পুতিন অপেক্ষা করছেন।


এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পুতিনের উত্তরকে এই বলে নাকচ করে দিয়েছেন যে এ হচ্ছে “ইচ্ছাকৃতভাবে" এমন শর্ত প্রযোগ করা যা বিষয়টিকে জটিল করে তুলবে এবং “প্রক্রিয়া থেকে বের করে আনবে”।


রুদ্ধদ্বার বৈঠকে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈশ্বিক নিরাপত্তায় চীনের ভূমিকা, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নৌচলাচলের নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।


শুক্রবার জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা চীন, উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার তরফ থেকে কৌশলগত চ্যালেঞ্জের বিষয়ক একটি অধিবেশনে মিলিত হন। পররাষ্ট্রনীতি বিষয়ক অনেক বিশ্লেষক এবং সামরিক কর্মকর্তারা এই চারটি দেশের পশ্চিমা বিরোধী জোটকে “অশান্তির অক্ষ” বলে অভিহিত করেন।



আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো: রামিসার বাবা

আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো: রামিসার বাবা

 


রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, একজন মেয়ের বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে আমি এখানে (তার বাসায়) এসেছি। তার ভালোবাসা এবং আমাকে দেওয়া যে কথা, সে কথার ওপর আমি ১০০ ভাগ বিশ্বাসী যে, আমার মেয়ে হত্যার বিচার পাবো। সুষ্ঠু এবং দ্রুত বিচার পাবো।’


শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজের পর মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে শিশু রামিসার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। পরে তার বাবা আব্দুল হান্নান মোল্লা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় রামিসার বাবা হান্নান বলেন, ‘বাংলাদেশের সাংবিধানিক আইন অনুসারে আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, দেশের আইন মেনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা যাতে নিশ্চিত করা হয়।’


এর আগে রামিসার জন্য মসজিদে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ এলাকাবাসী।

১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি জাকির হোসেন সোহেল (৩৪) আটক হয়েছেন।


নিহত রামিসার গ্রামের বাড়ি সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী গ্রামে।

সন্তান হারানোর শোকে নির্বাক রামিসার মা-বাবা। শুক্রবার দুপুর ১২টার দিকে মেয়ের কুলখানি ও মিলাদে অংশ নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।


পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২১ মে) রাতে সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে দাফনের সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। রামিসার মা এখনো মেয়ের জামা-কাপড় বুকে জড়িয়ে কাঁদছেন। মেয়ের শেষ আবদারের কথা মনে করে ভেঙে পড়ছেন। কয়েকদিন আগে মেয়ের জন্য একটি বোরকা কিনে এনেছিলেন তিনি, যা আর পরা হয়নি রামিসার।

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত সোহেল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করেন। এ ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Monday, May 11, 2026

কোনো দলের হয়ে নয়, পুলিশ চলবে আইন অনুযায়ী : প্রধানমন্ত্রী

কোনো দলের হয়ে নয়, পুলিশ চলবে আইন অনুযায়ী : প্রধানমন্ত্রী

 



প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের অনুগত হবে না; বরং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। গতকাল রোববার ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত ‘কল্যাণ প্যারেডে’ প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে একটি ‘ফ্যাসিবাদী সরকার’ নিজেদের স্বার্থে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এখন জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করাই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রী বলেন, থানায় গিয়ে সাধারণ মানুষ যেন রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন এবং কোনো ভয় বা সুপারিশ ছাড়াই অভিযোগ জানাতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। মানুষের বিপদ কমবে—এই বিশ্বাস জনগণের মধ্যে তৈরি করাও পুলিশের দায়িত্ব।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার মাধ্যমে প্রমাণ হয়েছে, পুলিশ চাইলে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে। তিনি আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি মানবিক আচরণ পুলিশের ভাবমূর্তি উন্নত করবে।

মাঠপর্যায়ে পুলিশকে সরকারের ‘অ্যাম্বাসেডর’ হিসেবেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো জরুরি। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা অ্যানালাইসিস, সাইবার সক্ষমতা ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির বিস্তৃত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে প্রযুক্তিনির্ভর আধুনিক বাহিনীতে রূপান্তর করতে হবে।

সাইবার অপরাধ, কিশোর গ্যাং, আর্থিক জালিয়াতি, অনলাইন জুয়া ও মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে, সাইবার বুলিং নারীদের জন্য বড় হুমকি হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

মাদক সরবরাহকারী ও মাদকের উৎসকে লক্ষ্য করে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট।

প্রধানমন্ত্রী বলেন, গুম, অপহরণ কিংবা বিচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করা পুলিশের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তিনি জানান, পুলিশের বদলি, পদোন্নতি ও নিয়োগে মেধা, যোগ্যতা, দক্ষতা ও সততাকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি আবাসন, চিকিৎসাসেবা, রেশন ও ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, দুর্নীতি, দুঃশাসন, দুর্বল প্রশাসনিক কাঠামো, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকার দায়িত্ব নিয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিও অতিরিক্ত চাপ তৈরি করেছে। তবে ধাপে ধাপে সব অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্ত্রের শক্তির চেয়ে মানবিকতা, ন্যায়বিচার ও নৈতিকতাই বড় শক্তি। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইজিপি আলী হোসেন ফকির। পরে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের দাবি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের কেক কাটেন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

Saturday, May 9, 2026

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা


গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শুক্রবার (৮ মে) রাতে ওই গ্রামের প্রবাসী মনিরের স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।


কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।